বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় চট্টগ্রাম বন্দরের রেলওয়ে ইয়ার্ড থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে জ্বালানি তেলবাহী ট্রেন। গতকাল শুক্রবার পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি তেলের ওয়াগানবাহী ট্রেন ঢাকা, সিলেট, দোহাজারী ও নাজিরহাটের উদ্দেশে ছেড়ে যায়।
প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বিজিবি ছিল এবং ট্রেনের ইঞ্জিনের সামনে ছিল দুজন অস্ত্রধারী বিজিবি এবং ট্রেনের শেষে একটি পৃথক বগি লাগানো হয় বিজিবির জন্য। দেশ জুড়ে নাশকতার শঙ্কায় গত শুক্রবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ তা চালু হবে এখনো সিদ্ধান্ত হয়নি।
বিজিবির সহায়তায় জ্বালানি তেল পরিবহনের বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অন্যতম কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিনহাজ সিদ্দিক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে ফোর্স চাওয়া হয়েছিল। তাই আমরা প্রতিটি ট্রেনে এক প্লাটুন করে বিজিবি মোতায়েনের মাধ্যমে জ্বালানি তেলগুলো দেশের বিভিন্ন এলাকায় পৌঁছাতে সহায়তা করছি।’
কোন কোন ট্রেন ছেড়ে গেছে জানতে চাইলে তিনি বলেন, অকটেন ও পেট্রোল নিয়ে ঢাকা ও সিলেটের উদ্দেশে ছেড়ে যায় দুটি ট্রেন এবং বিদ্যুৎকেন্দ্রের জন্য ফার্নেস অয়েল নিয়ে দোহাজারী ও নাজিরহাটে যায় দুটি ট্রেন।
জানা যায়, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তেলবাহী ট্রেনটিতে ২৪টি ওয়াগন (বগি) ছিল। এই ২৪টি ওয়াগনে ৭৯২ টন অকটেন ও পেট্রোল ছিল। এ ছাড়া সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটিতে ১৬টি ওয়াগনে ৫২৮ টন অকটেন ও পেট্রোল ছিল। প্রতিটি ওয়াগনে ৩৩ টন করে জ্বালানি তেল থাকে। অন্যদিকে দোহাজারী ও নাজিরহাটের উদ্দেশে দুপুরে ছেড়ে যাওয়া ট্রেন দুটির প্রতিটিতে ১২টি করে ওয়াগন ছিল। উভয় ট্রেনে ৭৯২ টন ফার্নেস অয়েল ছিল। সব মিলিয়ে ৬৪ ওয়াগনে ২ হাজার ১২২ টন জ্বালানি তেল পরিবাহিত হয়েছে। গত ১৯ জুলাইয়ের পর থেকে এই প্রথম জ্বালানি তেল পরিবাহিত হলো।