সম্প্রতি পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় ভাষণের সময় বন্দুক হামলার শিকার হন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী।
তবে সে সময় কানে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এবার সেই শহরে পুনরায় নির্বাচনী ক্যাম্পেইন করার ঘোষণা দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।
নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথে করা এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ‘একটি বড় ও সুন্দর ক্যাম্পেইনের জন্য পেনসিলভেনিয়ার বাটলারে ফের আসছি আমি।‘
তবে সমাবেশটি কবে, কখন বা কোথায় হবে তার বিশদ কোন বিবরণ দেননি ট্রাম্প। এ জন্য সমর্থকদের অপেক্ষায় থাকতে বলেছেন তিনি।
চলতি মাসের ১৩ তারিখে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী ক্যাম্পেইনে বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন ট্রাম্প।
ওই হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনার পর দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করে।