রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো পেল ইউক্রেন

রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে দেড়শ কোটি ইউরো পেল ইউক্রেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং দেশটির বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। ওই সম্পদ থেকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে দেড়শ কোটি ইউরো বরাদ্দ দিল।

গতকাল শুক্রবার (২৬ জুলাই) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে অর্থ বরাদ্দ দেয়ার কথা স্বীকার করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লিয়েন। শুক্রবার এই অর্থ স্থানান্তর করা হয়। এটি জব্দকৃত রুশ সম্পদ থেকে অর্জিত লাভের প্রথম অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইইউ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা জব্দকৃত রুশ সম্পদ থেকে ১.৫ বিলিয়ন ইউরো ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের জন্য স্থানান্তর করেছি। ইউক্রেন এবং সমগ্র ইউরোপকে একটি নিরাপদ জায়গা হিসেবে গড়ে তোলার জন্য রুশ অর্থের এর চেয়ে ভালো প্রতীক বা ব্যবহার আর হতে পারে না।

বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়ার পর ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন। এই অর্থ বরাদ্দকে তিনি ইউক্রেনের প্রতিরক্ষা এবং পুনর্গঠনের ক্ষেত্রে বিরাট বড় অবদান বলে উল্লেখ করেন।

মে মাসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো একটি চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ হস্তান্তরের ঘোষণা দেয়া হলো। এটিই রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রথম অর্থ স্থানান্তরের ঘটনা। কমিশন জানিয়েছে, পরবর্তী অর্থ হস্তান্তর করা হবে আগামী বছরের মার্চ মাসে।