ডিবির হেফাজতে নেওয়া ৩ সমন্বয়কের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলনের সমন্বয়কারী তিনজনকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে রাখা হয়েছে। কারা তাদের আক্রমণ করতে চায় সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নারায়ণগঞ্জের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিতে নেওয়া অপর দুই সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। শুক্রবার (২৬ জুলাই) রাতে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্র আন্দোলনের নেতারা নতুন যে ৮ দফা দাবি দিয়েছিলেন, সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন এগুলোর মধ্যে যৌক্তিক দাবিগুলো ক্রমান্বয়ে মেনে নেবেন। কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি।’