এবার সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে। শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে গত সপ্তাহে তিনদিন (রবি, সোম ও মঙ্গলবার) সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। রবি থেকে মঙ্গলবার (২১-২৩ জুলাই) পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সীমিতভাবে চলে সরকারি অফিস।
সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত সোমবার (২২ জুলাই) থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। সর্বশেষ শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে।