মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচনী লড়াই থেকে জো বাইডেন সরে দাঁড়িয়েছেন আগেই। এর পরই ডেমোক্রেটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। এবার ফরমে সই করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা করলেন তিনি।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, “ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব।”
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে।
এর আগে গত রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর শতাধিক ডেমোক্র্যাটিক নেতা কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন। তবে তখন ওবামা কমলাকে সমর্থন দেয়া থেকে বিরত থাকায় এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছিল, তবে বারাক ওবামার সমর্থনে কমলা হ্যারিসের প্রার্থীতার বিষয়টি অনেক নিশ্চিত ধরা যায়। যদিও আগামী আগস্টে দলটির জাতীয় কনভেনশনের পর প্রেসিডেন্ট প্রার্থীতার বিষয়টি চূড়ান্ত হবে। নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বাইডেনের প্রশংসাও করেছেন ওবামা।