ডেমরা ছাত্রদলের আহ্বায়ক মাসুদসহ ৭ জন রিমান্ডে

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় ডেমরা থানার ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানাসহ সাতজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার জামিনের আবেদন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের অপর আসামিরা হলেন দনিয়া কলেজের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. এরফান ওরফে রোকন, ছাত্রদলের সক্রিয় সদস্য মো. আবু বক্কর, রবিউল ইসলাম, মো. সৌরভ মিয়া, মো. তারেক হোসেন ও ঢাকা কলেজের এইচএসসির (বিজ্ঞান বিভাগ) ছাত্র হাসনাতুল ইসলাম ফাইযার। মামলাটির তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কমকর্তা বলেন, ভিকটিম বাংলাদেশ পুলিশের নায়েক গিয়াস উদ্দিন (৫৮) পরিবারসহ মাতুয়াইল মাতৃসদন হাসপাতালের বিপরীতে ভাড়া থাকতেন। ১৯ জুলাই রাত আনুমানিক ৯টায় গণভবনে ডিউটি পালনের উদ্দেশ্যে তার ব্যক্তিগত মোটরসাইকেলে বাসা থেকে বের হন। যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ফুটওভার ব্রিজের উত্তর পাশে আসা মাত্রই সাড়ে ৯টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারকে উৎখাত করার লক্ষ্যে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে। এরপর তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর তাকে রশি দিয়ে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখে। মৃত্যুর পর মৃতদেহ নিয়ে উল্লিখিত আসামি ও অজ্ঞাতনামা আসামিরা পৈশাচিক আনন্দে মেতে ওঠে এবং গুম করার লক্ষ্যে উলঙ্গ করে মৃতদেহে আগুন লাগিয়ে পোড়ানোর চেষ্টা করে। ২৪ জুলাই নিহতের ভগ্নিপতি ফজল প্রধান যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।