এই লড়াইয়ে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। প্যারিস অলিম্পিকে নারী ৪০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টকে কেউ কেউ বলেছেন, সাঁতার পুলে এটি 'রেস অব দ্য সেঞ্চুরি'। আর সেই রেসে জয়ী হলেন আরিয়ান টিটমাস।
৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে ৩ মিনিট ৫৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনার পদক ধরে রাখলেন অস্ট্রেলিয়ান সাঁতারু টিটমাস। ৩ মিনিট ৫৮.৩৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন কানাডার ম্যাকিন্টোস। ৪ মিনিট ০.৮৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের লেডেস্কির। যুক্তরাষ্ট্রের সাঁতার জায়ান্টের এটি ১১ নম্বর অলিম্পিক পদক।
এই তিন সাঁতারুই সর্বশেষ তিন বিশ্ব রেকর্ডধারী। বর্তমান রেকর্ড টিটমাসেরই।
২০১৮ এর পর অস্ট্রেলিয়ান সাঁতারু টিটমাস ৪০০ মিটার ফ্রিস্টাইলে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতা হারেননি। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০২১ টোকিও অলিম্পিক, ২০২২ কমনওয়েলথ গেমস, গত বছর আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর প্যারিসেও এই ইভেন্টে স্বর্ণ জিতলেন।
পদক ধরে রাখার পর টিটমাস বলেন, 'আমি নির্ভার অনুভব করছি। প্রথমবার জয়ের পর এটি ধরে রাখাটা ভিন্ন এক অনূভুতি। আমি জানি অলিম্পিক চ্যাম্পিয়ন হতে কতটা কষ্ট করতে হয়। দর্শকদের হর্ষধ্বনি, পরিবেশ, চাপ আর ভিলেজ লাইফ মিলে পারফর্ম করাটা সহজ নয়।'
ডন ফ্রেসারের পর অস্ট্রেলিয়ান নারী সাঁতারু হিসেবে অলিম্পিকে পুলে পদক ধরে রাখলেন টিটমাস।
২৩ বছর বয়সী তিতমুসের অলিম্পিকে এটি পঞ্চম পদক। স্বর্ণ জিতলেন টানা দ্বিতীয়বার।