ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা, নিহত ১১

ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে এবং ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার গোলান মালভূমির মাজদাল শামস শহরে এক ফুটবল মাঠে এই রকেট হামলার ঘটনাটি ঘটে। খবর আল জাজিরা।  

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি রকেট হামলার জন্য লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন। তবে লেবাননে শক্তিশালী এই সশস্ত্র সংগঠনটি এই হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। ।

হাগারি বলেন, “আমাদের কাছে থাকা তথ্য পরিষ্কার। নিরীহ শিশুদের হত্যার জন্য হিজবুল্লাহ দায়ী। আমরা হিজবুল্লাহকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হব”

এদিকে শনিবারের এই হামলার দায় দ্রুত অস্বীকার করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, ‘মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে নির্দিষ্ট কিছু শত্রু গণমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যম প্ল্যাটফর্মের প্রতিবেদনে করা অভিযোগকে সংগঠনটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।’

নিজেদের সামরিক শাখাকে উল্লেখ করে হিজবুল্লাহ বলেছে, ‘এই ঘটনার সাথে ইসলামিক রেজিস্ট্যান্সের কোনও সম্পর্ক নেই।’

গত বছরের ৭ অক্টোবর গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পরদিন ৮ অক্টোবর থেকে ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে বোমাবর্ষণ ও গোলাগুলি অব্যাহত রয়েছে ইরান সমর্থিত সংগঠনটির।

মাজদাল শামসে রকেট হামলার বিষয়ে জানার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার সময় এগিয়ে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লাহর চারজন সদস্য নিহত হওয়ার পর গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়।