শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শুরুটা দারুণ হয়েছে সূর্যকুমার যাদবের। গতকাল সিরিজের প্রথম ম্যাচে ভারত জেতে ৪৩ রানে।
ঝড়ো ফিফটি করে দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সূর্যকুমার। তাতে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডে বিরাট কোহলির পাশে বসেছেন ডানহাতি এই ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬৯ ম্যাচে এটি সূর্যকুমারের ১৬তম ম্যাচ সেরার পুরস্কার। কোহলিরও আছে ১৬টি ম্যাচসেরার পুরস্কার তবে তিনি খেলেছেন ১২৫ ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি।
শনিবার রাতে পাল্লেকেলেতে ২৬ বলে ৫৮ করেন সূর্যকুমার। ২১৩ রান তুলে ভারত শ্রীলঙ্কাকে অলআউট করে ১৭০ রানে।
আজ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।