প্যারিসে চলছে অলিম্পিক। প্রতিদিন পদকের জন্য লড়াইয়ে নামছেন ক্রীড়া জগতের সেরা অ্যাথলেটরা। বিশ্বসেরা অ্যাথলেটদের এই মিলনমেলাতেও অবশ্য কিছু আক্ষেপ আছে।
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোদের না থাকা আক্ষেপের হতেই পারে। তবে অলিম্পিকে না থেকেও যেন আছেন সিআরসেভেন।
প্যারিস অলিম্পিকে রোনালদোর মতো উদযাপন করে তাঁকে মনে করিয়ে দিয়েছেন জাপানের ভলিবল তারকা ইউজি নিশিদা। পুরুষদের ভলিবলে মুখোমুখি হয়েছিল জার্মানি ও জাপান। ম্যাচে জাপানের হয়ে পয়েন্ট পাওয়ার পর রোনালদোর বিখ্যাত 'সিউ' উদযাপন করেন নিশিদা।
রোনালদো কিছুটা দৌড়ে গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সময় আড়াআড়িভাবে হাত দুটি শরীরের দুই পাশে নামিয়ে আনেন। এটিই হলো সিউ উদযাপন।
রোনালদোর মতো উদযাপন এর আগে অন্য ফুটবলারদেরও করতে দেখা গেছে। এছাড়া অন্য খেলার খেলোয়াড়দেরও এমন উদযাপনে দেখা গেছে। এবার সেটি দেখা গেল অলিম্পিকেও।
নিশাদার উদযাপন দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, 'অ্যাথলেটদের একটি প্রজন্মকে প্রভাবিত করেছেন রোনালদো।'
ম্যাচে অবশ্য জাপান জিততে পারেনি। জার্মানির কাছে তারা হেরেছে ৩-২ সেটে।