শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদ ঢাবি সাদা দলের

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ রবিবার (২৮ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী সাম্প্রতিক ছাত্র আন্দোলন দমনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক শিক্ষার্থী, জনতা, পুলিশ ও সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকগণ গভীর উদ্বেগ প্রকাশ করছি। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনোরূপ হয়রানি না করার প্রতিশ্রুতি দেওয়া হলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সমন্বয়কারীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্বিচারে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন মহল থেকে অসম্মানজনক বক্তব্য প্রদান এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থক ছাত্র সংগঠনের সন্ত্রাসীদের সশ্রস্ত্র আক্রমণ আন্দোলনকে সহিংস করে তোলে। এতে বিপুল প্রাণহানীসহ জনসম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

'তবে আমরা লক্ষ করছি যে, এ সব ঘটনায় দায়ীদের চিহ্নিত করার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়াই শিক্ষার্থীসহ সরকার বিরোধী রাজনৈতিক মতের নেতাকর্মী ও সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিরাপত্তা দেয়ার অজুহাত দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলন দমনের লক্ষ্যে সরকার যে বলপ্রয়োগ এবং ভিন্নতম দলনের পন্থা অবলম্বন করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং এ থেকে বিরত থাকার জন্য সরকারকে অনুরোধ করছি।

শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে শিক্ষক নেতারা বলেন, পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন সমন্বয়কারীকে অবিলম্বের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের হয়রানি ও গ্রেপ্তার না করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সাথে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বিচারে গণগ্রেপ্তার না করে সাম্প্রতিক আন্দোলনে সকল প্রাণহাণী ও জনসম্পত্তি ধ্বংসের ঘটনার নির্মোহ ও আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছি।