ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকীর বিদেশযাত্রার ওপর দেওয়া নিষেধাজ্ঞা বহাল রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য তার করা আবেদনটি বাতিল করেছে আদালত। গতকাল রবিবার শুনানিতে উপস্থিত না থাকায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন প্রত্যাহারের আবেদনটি নাকচ করে দেন।
এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আহম্মেদ আলী সালাম বলেন, গতকাল শুনানির দিন ধার্য ছিল, আবেদনকারী আদালতে উপস্থিত হননি। এ জন্য আবেদনটি বাতিল করেন। ফলে লায়লার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বহাল রইল। গত ২৪ জুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেয়। ওই দিন দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে ৩০ জুন লায়লা কানিজ বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন।