ঢাকা ট্রেডিংয়ের টিপু ও আর ৫ জনের বিরুদ্ধে চার্জশিট হচ্ছে

জনতা ব্যাংকের প্রায় ২৫০ কোটি ৯৬ লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনায় মেসার্স ঢাকা ট্রেডিং হাউজের মালিক টিপু সুলতানসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার এ অনুমোদন দেওয়া হয়। খুব শিগগিরই এ চার্জশিট আদালতে দাখিল করা হবে।

অন্য যাদের নামে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন জনতা ব্যাংকের লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মশিউর রহমান, সাবেক ম্যানেজার (আমদানি) এ এস জহিরুল ইসলাম, ডিজিএম (আমদানি-রপ্তানি) শামীম আহমেদ খান, সাবেক উপমহাব্যবস্থাপক (আমদানি-রপ্তানি) মনজেরুল ইসলাম ও ঢাকা ট্রেডিং হাউজের কমার্শিয়াল অফিসার সাইফুল ইসলাম।

দুদকের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চিনি ও বাচ্চাদের খাবার আমদানির নামে জনতা ব্যাংকের লোকাল অফিসে ঢাকা ট্রেডিং হাউজের অনুকূলে এলসি খোলেন মো. টিপু সুলতান। পরে এলসির বিপরীতে মালামাল আমদানি না করে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে এ কোম্পানির হিসাব নম্বরে ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকা স্থানান্তর করেন। স্থানান্তরিত ওই টাকা ২০১০ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে আসামিরা ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক।