মাদারীপুর জেলার শিবচরে সাপের কামড়ে তানিয়া (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া ওই এলাকার সৌদি প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ও বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ৮টার দিকে তানিয়া তাদের বসত ঘরের দরজা খুলে বাইরে বের হতে গেলে সিঁড়িতেই তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তার চিৎকারে পরিবার ও আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝার চিকিৎসা শেষে তানিয়ার অবস্থার অবনতি হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামীর চাচাতো ভাই সামসু মল্লিক বলেন, সন্ধ্যার পরে তানিয়াকে সাপে কাটলে আমরা তাঁকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে যাই। সেখানে তাঁর বিষ নামানো হয়। পরে তাঁর অবস্থা খারাপ হতে থাকলে পরে শিবচর হাসপাতালে আনলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সে বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা।
নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, আমি বাড়ি ছিলাম না। খবর শুনে বাড়িতে গিয়ে তাঁর আক্রান্ত স্থানে রশি দিয়ে বেঁধে ওঝার কাছে নিয়ে যাই। পরে ওঝা বিষ নামিয়ে বলেন বিষ নেমে গেছে। তারপরও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আসার পরে তার মৃত্যু হয়। আবার ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আমার নাতিটা এতিম হয়ে গেলো।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আজিজুল হক খান বলেন, রোগী ৯টা ৪৫ মিনিটে হাসপাতালে আসে। পরে আমরা পরীক্ষা-নিরীক্ষার করতে না করতেই ৯টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন, বিষয়টি দু:খজনক। ঘটনাটি শোনার পর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে।