টানা ১১ বছর ধরে ক্ষমতায় থাকার পর পরবর্তী ছয় বছরের জন্য আবারও প্রেসিডেন্টের আসন নিশ্চিত করলেন ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি, জানিয়েছে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ।
সোমবার মধ্যরাতে ঘোষিত ফলাফলে দেখা গেছে, মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ৮০ শতাংশ ভোট গণনার ভিত্তিতে এই ফলাফল প্রকাশিত হয়েছে, যা প্রায় অপরিবর্তনীয় ধারা নির্দেশ করছে।
নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমান্ডো গঞ্জালেজ। তিনি সাবেক একজন কূটনীতিক। বিরোধী দলগুলোর জোটের নেতৃত্বে দিয়েছেন গঞ্জালেজ।
ফলাফলের আগে রোববার ভোটগ্রহণের দিন এডিসন রিসার্চের একটি জরিপ পূর্বাভাস করেছিল যে বিরোধী দলের গঞ্জালেজ ৬৫ শতাংশ ভোট পাবেন, আর মাদুরো ৩১ শতাংশ ভোট পাবেন। এছাড়া দেশটির স্থানীয় সংস্থা মেগানালিসিস গঞ্জালেজের পক্ষে ৬৫ শতাংশ এবং মাদুরোর পক্ষে মাত্র ১৪ শতাংশ ভোটের পূর্বাভাস দিয়েছিল।
জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান এলভিস আমোরোসো ভেনিজুয়েলানদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নির্বাচনের ফলাফল মেনে চলেন এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। পাশাপাশি তিনি ভোট গণনা ও ভোটিং সিস্টেমের বিরুদ্ধে ঘটানো তথাকথিত সন্ত্রাসী কার্যক্রমের তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন।
আমোরোসো বলেছেন, ভোট শেষে আমরা প্রত্যাশা করছি প্রতিটি ভোট ন্যায্য ও স্বচ্ছভাবে গণনা হবে। আমরা নির্বাচন কর্তৃপক্ষকে আহ্বান জানাই তারা যেন বিস্তারিত ভোটের হিসাব প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।
এদিকে, ভেনেজুয়েলার বিরোধী দল ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগের পাশাপাশি ফলাফলকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে।