নিউইয়র্কের পার্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রচেস্টার শহরের পার্কটিতে গুলি লেগে কমপক্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ছয়টার দিকে নিউইয়র্কের রচেস্টার শহরের ম্যাপলউড পার্কে এ বন্দুক হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। খবর এপি ও নিউইয়র্ক পোস্ট।

রচেস্টার পুলিশ জানিয়েছে, ম্যাপলউড পার্কে গোলাগুলির ঘটনায় ২০ বছর বয়সী একজন নিহত হয়েছেন এবং আহতদের ছয় জনের মধ্যে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তবে গুলিতে নিহত ব্যাক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

রচেস্টার পুলিশ জানিয়েছে যে, গোলাগুলির সময় এলাকাটিতে একটি অনুষ্ঠান হচ্ছিল। যার কারণে গুলির পর মানুষের দৌড়াদৌড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

রচেস্টার পুলিশের ক্যাপ্টেন গ্রেগ বেলো বলেন, "এই মুহুর্তে আমরা জানি না কতজন লোক গুলি করছিল। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি।"

তবে গোলাগুলির ঘটনায় এখন পর্যন্ত কোন সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি পুলিশ।

যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রতিবছরই এ ধরনের ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়।