প্যারিস অলিম্পিক ঘিরে শহরটির অন্যতম আকর্ষণ সিন নদীর পানি দূষণের কারণে সোমবার ট্রায়াথলনের দ্বিতীয় দিনের অনুশীলনও বাতিল করতে বাধ্য হয়েছে অলিম্পিক কমিটি। সোমবার অলিম্পিক কমিটি এবং বিশ্ব ট্রায়াথলনের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘পরীক্ষা করে দেখা গেছে সিনের পানি এখনও গ্রহণযোগ্য মাত্রায় এসে পৌঁছায়নি। প্যারিস ২০২৪ ও বিশ্ব ট্রায়াথলন সবসময়ই অ্যাথলেটদের সুস্বাস্থ্যেরর বিষয়টি প্রাধান্য দিয়ে আসছে।’
আগামীকাল মঙ্গলবার থেকে ট্রায়াথলন শুরুর কথা। অবশ্য ১ ও ২ আগস্ট দুদিন অতিরিক্ত সময় রাখা হয়েছে এ ইভেন্টটির জন্য। এর আগে এ মাসের মাঝামাঝিতে সাঁতারের জন্য সিন নদীর পানি পুরোপুরি পরিষ্কার বলে দাবি করেছিল আয়োজকেরা।
গত ১৭ জুলাই প্যারিসের মেয়র আনে হিডালগো স্বয়ং পানিতে নেমে ডুব দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে, নদীর পানি পুরোপুরি দূষণমুক্ত। কিন্তু নতুন করে নদী দূষণের ঘটনায় টানা কয়েকদিনের বৃষ্টিকে দায়ী করছেন আয়োজকেরা।
যদি শেষ পর্যন্ত নদীর পানি যদি দূষণমুক্ত করা সম্ভব না হয়, তাহলে হয় প্রতিযোগিতা কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হবে, কিংবা সাঁতারের অংশটি প্যারিসের পূর্বাঞ্চলীয় নদী মারনেতে সরিয়ে নেওয়া হবে।