সাগরিকায় বিজয়ের আক্ষেপ, ইয়াসির-মুশির ফিফটি

সামনে টানা টেস্ট সিরিজ বাংলাদেশের। আঁটঘাঁট বেধে তাই প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় দল ও পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। একটি দলতো এইচপি নাম নিয়ে উড়াল দিয়েছে অস্ট্রেলিয়া। সেখানে চার দিনের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা্। বাকি ক্রিকেটারদের দুভাগে বিসিবি ‘লাল’ ও ‘সবুজ’ নামে ভাগ করে ৩ দিনের ম্যাচ খেলানো হচ্ছে। চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় তিন দিনের ম্যাচের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনশেষে ৫ উইকেটে ২২০ রান তুলেছে মেহেদী হাসান মিরাজের ‘সবুজ’।

অনেক দিন বাদে রানের দেখা পেয়েছেন ‘সবুজে’র এনামুল হক বিজয়। ১৮৬ বলে ৯০ রান তুলে তানজিম সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সেঞ্চুরিবঞ্চিত হয়ে ফেরেন তিনি। ফিফটি করেছেন ইয়াসির আলী ও মুশফিকুর রহিম। ৭১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ইয়াসির। শেষ তিন ইনিংসে প্রথম ম্যাচে ৫০ ও ৪৮ রানের ইনিংস খেলার পর গতকাল ৫৪ বলে ৫১ রান করেন সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটার।

টসজয়ী অধিনায়ক তাইজুল ইসলামের ‘লাল’ দলের হয়ে বোলিংয়ে আলো ছড়ান তানজিম হাসান সাকিব। ১৩.৩ ওভারে ৪ মেডেনসহ ৩৫ রান খরচায় ৩ উইকেট পান তিনি। খালেদ আহমেদ ও নাঈম হাসান শিকার করেন ১টি করে উইকেট। চট্টগ্রামের প্রায় ১ ঘন্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর মাঠে গড়ালেও আলো স্বল্পতায় ৬৩ ওভার শেষেই দিনের ইতি ঘোষণা করতে হয় আম্পায়ারদের।