কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
পরে বের হয়ে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সোহেল তাজ। তিনি বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই নয়।
তিনি বলেন, বিবেকের তাড়নায়, সাধারণ নাগরিক হিসেবে সমন্বয়কদের সঙ্গে দেখা করতে ডিবিতে এসেছি। দেশের ওপর সবার হক আছে, এজন্য এসেছি। ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটা গুলিও না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রতিটা প্রাণহানির বিচার করতে হবে।
ডিবিপ্রধানের কাছে তিনটি প্রশ্ন নিয়ে এসেছিলেন জানিয়ে সোহেল তাজ বলেন, আমার প্রথম প্রশ্ন ছিল, এই সমন্বয়কারীদের গ্রেপ্তার করা হয়েছে নাকি নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, যদি গ্রেপ্তার হয়ে থাকে, তাহলে আমার কোনো দাবি নেই। কিন্তু যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয়ে থাকে, তাহলে আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। তৃতীয় প্রশ্ন- তাদের সেইভ কাস্টডি থেকে কখন মুক্তি দেওয়া হবে।
ছয় সমন্বয়ককে ছাড়া হবে কি না এমন প্রশ্নের জাবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে ছাড়া হবে।