পেনশন ইস্যুতে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের ‘ইতিবাচক’ বৈঠক

 

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আশ্বাস মেলেনি। তবে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এ বৈঠক হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের একটি প্রতিনিধি দল অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ আমাদের দাবি-দাওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত না করার বিষয়টি নিয়ে মন্ত্রী আমাদের যুক্তি শুনেছেন।’

তিনি বলেন, ‘তিন দফার মধ্যে বাকি যে দুটি দাবি শিক্ষকদের ছিল, সেগুলোও ইতিবাচকভাবে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এটির সমাধান তো উনি দেবেন না, দেবেন প্রধানমন্ত্রী। তিনি বিষয়গুলো আরও খোলামেলাভাবে প্রধানমন্ত্রীকে অবগত করবেন। পরে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আজকের আলোচনার পর আমরা দাবি পূরণের ব্যাপারে আরও বেশি আশাবাদী।’

বৈঠকের শুরুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আলোচনার শুরু হলো। পরবর্তী সিদ্ধান্ত কী হবে সেটি এখনই বলা যাচ্ছে না। এখানে তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কারণ আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, আরও অন্যান্য কর্তৃপক্ষ আছে। এখানে কিছু বিষয়ে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়। এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠকও হয়। কিন্তু সে বৈঠকে সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।

শিক্ষপ্রতিষ্ঠানগুলোতে সরকার ঘোষিত অনির্দিষ্টকালের ছুটি থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন আন্দোলনের দৃশ্যমান কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। শিক্ষক নেতারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা তাদের নিয়মিত এক ঘণ্টা কর্মবিরতিও আপতত স্থগিত রেখেছেন। তবে আন্দোলন থেমে নেই। প্রতিনিয়তই শিক্ষক নেতারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দাবি বাস্তবায়নে যোগাযোগ অব্যাহত রেখেছেন।