২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫৮ চার জেলায় ৭৮ জন

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৮২২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৫৮ জনকে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে গতকাল আরও ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা : অভিযানে থাকা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত যেসব এলাকায় সহিংসতা বেশি হয়েছে, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিরুনি অভিযান চালানো হচ্ছে। এসব এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়ে ব্লক রেইডের মাধ্যমে সন্দেহজনক বাসাবাড়িতে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার কার্যক্রম চালানো হচ্ছে।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতায় জড়িত সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত অভিযান চলবে। তবে নাশকতার সঙ্গে যুক্ত নয়, এমন কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার কিংবা হয়রানি করা হয়নি।’

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, উসকানিদাতাদের চিহ্নিত করতে সাইবার স্পেসগুলোয় টহল জোরদার করা হয়েছে। এখনো সাইবার স্পেসে গুজব ছড়িয়ে উসকানি দিচ্ছে একটি গ্রুপ। এদের চিহ্নিত করে পুলিশের অপারেশন উইংগুলোকে তথ্য দেওয়া হচ্ছে।

জামালপুর : সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে জামালপুরে ১১ মামলায় চার শিক্ষার্থীসহ এ পর্যন্ত জামায়াত-বিএনপির ৪০ নেতান্ডকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ নেতারা বাদী হয়ে এসব মামলা করেন। তবে গত ২৪ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোরহাব হোসেন। 

চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় নগর ও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরও ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নগর থেকে ১৬ এবং জেলা এলাকা থেকে ৭ জন। এ নিয়ে ১৩ দিনে চট্টগ্রামে ৯২০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। 

খুলনা : নাশকতার অভিযোগে মহানগরীর চার থানায় পৃথক চারটি মামলা হয়। এ চারটি মামলায় সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে গতকাল তিনজনসহ ১০৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া বিভিন্ন সময় যারা নাশকতায় জড়িত ছিল, জেলা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এমন আরও ৯৭ জনকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ : সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫১ জনকে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় নতুন করে আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা হয়েছে ২৯টি। সেই সঙ্গে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৩।