প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গাজীপুরের কালীগঞ্জের গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুস্থদের মধ্যে চাল ও লবণসহ ১৪ ধরনের শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য (এমপি) বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোটা আন্দোলন প্রসঙ্গে মেহের আফরোজ চুমকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো হত্যার রাজনীতি করেন না। তিনি মানুষকে ভালোবাসেন। তিনি ছাত্রদের জন্য এদেশে অনেক কিছু করেছেন। ছাত্ররা তার সন্তানতুল্য। কারা এই ন্যক্কারজনক ধ্বংসাত্মক কাজগুলো করেছেন, সেটা অবশ্যই বের করতে হবে এবং বিচার করতে হবে। যারা আমাদের মাঝখান থেকে চলে গেছেন তাদের স্মরণ করি। তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য দোয়া করি।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে তিনবার ভোটের মাধ্যমে কালীগঞ্জের এমপি হিসেবে নির্বাচিত করেছেন। এবার হয়তো আপনারা পারেননি। হয়তো আমারই ব্যর্থতা যার কারণে হয়তো আপনারা পারেননি। আমরা যারা রাজনীতি করি আমাদের শুধু জনপ্রতিনিধি হওয়াই কাজ না। তাই আমরা আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। এই পাশে থাকাটাই হলো আমাদের মূল লক্ষ্য।’