গাজীপুরের কালিয়াকৈরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মেয়ের বিরুদ্ধে তার শতবর্ষী বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) রাতে উপজেলার জালুয়াভিটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মান্নান সরকার জালুয়াভিটি এলাকার মৃত তমেজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মান্নান সরকার চারটি বিয়ে করেছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার চার পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে তাদের পরিবারের একাধিক মামলা রয়েছে।
গত সোমবার সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জেরে বাবা মান্নান সরকারের সঙ্গে দ্বিতীয় পক্ষের মেয়ে মনোয়ারা বেগম ও তার ছেলে রাজীব হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে মনোয়ারা তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করে বলে অভিযোগ করেন মান্নান সরকারের অন্যপক্ষের সন্তানরা। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে বাড়ির বাইরে চলে যায় মেয়ে মনোয়ারা ও তার ছেলে রাজীব। এরপর রাত সাড়ে ৮টার দিকে তারা আবার অ্যাম্বুলেন্সে মান্নান সরকারের লাশ নিয়ে বাড়িতে আসে। এ সময় তার অন্যপক্ষের সন্তানরা ৯৯৯-এ ফোন দিয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ জানায়।
খবর পেয়ে রাত ১০টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে জানা যাবে।