রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

ডামি ফুয়েল লোডিংয়ের জন্য প্রস্তুত প্রথম ইউনিট

পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টে রিফুয়েলিং মেশিনের প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। রিয়্যাক্টর কোর এ ডামি ফুয়েল (অবিকৃত জ্বালানি) লোডিংয়ের জন্য এটি সর্বশেষ ধাপ। শিগগির প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
  
রিয়্যাক্টর কোর এ ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোড এবং কোর থেকে ব্যবহৃত জ্বালানি বের করে আনার জন্য ব্যবহৃত হয় নিউক্লিয়ার রিফুয়েলিং মেশিন। ৬০ টন ওজনের মেশিনটি ফুয়েল পুল ও রিয়্যাক্টর পিটের উপরে অবস্থিত। এটির যান্ত্রিক অংশে রয়েছে ব্রিজ, ট্রলি এবং সার্ভিস এরিয়া। এছাড়াও এই মেশিনে অন্তর্ভূক্ত একটি কনট্রোল এবং একটি মনিটরিং সিস্টেম, যার মাধ্যমে দূরবর্তী স্থান থেকে পারমাণবিক জ্বালানির ফুয়েলিং/ রিফুয়েলিং এবং ইন্সটলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং মনিটরিং করা হয়।

রাশিয়ার এটমটেকএনার্গো বাংলাদেশ শাখার পরিচালক ডেনিস মাজলভ এ প্রসঙ্গে বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনের ক্ষেত্রে রিফুয়েলিং মেশিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুয়েল এসেম্বলি নিয়ে এটির কাজ অত্যন্ত নিখুঁত হওয়া জরুরি। এক্ষেত্রে কোনো বিশেষ স্থানে অনুমোদিত ত্রুটি কোনো ক্রমেই দুই মিলিমিটারের বেশি হবে না”। 

ফুয়েল লোডিংয়ের জন্য রিফুয়েলিং মেশিনটিকে প্রস্তুত করতে কাজ করেছে এটমটেকএনার্গো’র বিশেষজ্ঞরা। রসাটমের ইলেকট্রিক পাওয়ার ডিভিশনের অংশ এই প্রতিষ্ঠানটি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ স্থাপনা তৈরিতে বিশেষভাবে পারদর্শী।

রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় দুই ইউনিট বিশিষ্ট ২৪০০ মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। কেন্দ্রটিতে আধুনিক প্রযুক্তির ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ভিত্তিক প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ১,২০০ মেগাওয়াট। প্রকল্পটিতে রসাটম ইঞ্জিনিয়ারিং ডিভিশন প্রকল্পের জেনারেল কনট্রাকটর এবং ডিজাইনার হিসেবে কাজ করছে।