রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান জামিনের আবেদন নাকচ করে দিয়ে তার রিমান্ড মঞ্জুর করেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে পার্থকে গতকাল আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।
এর আগে গত ২৫ জুলাই একই মামলায় পার্থকে পাঁচ দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। গত ১৮ জুলাই সেতু ভবনে হামলা হয়। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে ১৯ জুলাই বনানী থানায় মামলাটি করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। গত ২৪ জুলাই রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে পার্থকে গ্রেপ্তার করা হয়।
যুবদল নেতা জাহাঙ্গীর ফের রিমান্ডে: রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের মিরপুর থানার আওতাধীন অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর ও বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন। গত নাশকতার মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।