এক বিচারপতি অসুস্থ

আন্দোলনে গুলি না চালানোর রিটের শুনানি হচ্ছে না আজ

আন্দোলনে গুলি না চালানো এবং ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আজ শুনানি হচ্ছে না।

বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল আজ।

তবে সকাল সাড়ে ১০ টার দিকে বেঞ্চের কর্মকর্তারা জানান, বেঞ্চের কনিষ্ঠ বিচারক এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ। আজ জ্যেষ্ঠ বিচারকের একক বেঞ্চ বসবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এক বিচারপতি অসুস্থ হওয়ায় আজ এ রিট আবেদনের ওপর শুনানি হচ্ছেনা।

শুনানিকে কেন্দ্র করে সকাল থেকে হাইকোর্টের এই বেঞ্চে আইনজীবী ও সাংবাদিকরা ভিড় করতে থাকেন। পরে জানানো হয়, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ বসছেন না।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়।

এর আগে আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।