হামাস প্রধানের হত্যায় ইসরায়েলের প্রতিক্রিয়া কি?

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাস জানায়, ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে ‘ইহুদিবাদী গুপ্ত হামলায়’ প্রাণ হারিয়েছেন তিনি।

এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তবে ইসরায়েলি সরকার এখনও এই হামলার বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। এছাড়া হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে মুখে কুলুপ এঁটেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

তবে ইসমাইল হানিয়া নিহত হওয়ার ঘটনায় স্বস্তির প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের ঐতিহ্য–বিষয়কমন্ত্রী আমিচে এলিয়াহু। তিনি বলেছেন, ‘তাঁর নিহত হওয়ার ঘটনায় বিশ্ব আরেকটু ভালো হবে।’

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এমন মন্তব্য করেন আমিচে। খবর আল জাজিরা।

ইসরায়েলি এই মন্ত্রী লিখেছেন, ‘এসব সাংঘাতিক মানুষের কোনো ক্ষমা নেই। যে লৌহহস্ত তাঁদের আঘাত করবে, সেটাই শান্তি ও একটু স্বস্তি আনবে। এ ছাড়া যাঁরা শান্তি চান, তাঁদের সঙ্গে আমাদের শান্তিতে বসবাস করার ক্ষমতা আরও শক্তিশালী করবে এটি।’

তবে হানিয়ার নিহত হওয়ার বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বার্তাসংস্থা এএফপির পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তবে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা।

তবে হানিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ইসরায়েলের প্রতিরক্ষা অবস্থায় কোন পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছে আইডিএফ। আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন যে "গৃহ প্রতিরক্ষা নীতিতে কোন পরিবর্তন নেই"।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেন, "এই সময়ে আইডিএফ একটি পরিস্থিতি মূল্যায়ন করছে। যদি কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা অবিলম্বে জনসাধারণকে জানাবো।"