দিনাজপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে ১০ শিক্ষার্থী আটক

দিনাজপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে ১০ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচি পালনকালে তাদের আটক করা হয়।

জানা যায়, সকালে গোর-এ শহীদ ময়দানের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচি পালন শুরু করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন শ্লোগান দেন। পরে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা সেখানে এসে শিক্ষার্থীদের আটক করেন। এরপর শহরের বিভিন্নস্থানে অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম। তিনি জানান, কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।