হানিয়া-ফুয়াদকে হত্যার পর ইসরায়েলে জরুরি বৈঠক

হামলা চালিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। একইসঙ্গে এই দুই নেতাকে হত্যার কারণে ইসরায়েলে বড় হামলা হতে পারে বলে আশঙ্কা করছে দেশটি।

এমন আশঙ্কার মধ্যেই নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, কিরিয়া সামরিক সদর দফতরে উচ্চ-পর্যায়ের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। বৈঠকে তারা হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, হানিয়াকে হত্যার কঠিন প্রতিশোধ নেওয়া হবে। একই কথা বলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। তবে এর মধ্যে হঠাৎ করেই হানিয়াকে হত্যা করা হলো। এতে ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধবিরতির যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিতে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।