দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়াল। গত মঙ্গলবার মোট রোগীর সংখ্যা ৬ হাজার ১৪৪ জনে পৌঁছায়। রোগীর সংখ্যা পাঁচ হাজারের ঘর পেরুতে সময় লাগল ৫ দিন। অথচ এর আগে চার হাজারের ঘর পেরুতে সময় লেগেছিল ১১ দিন। সে হিসেবে বর্তমানে দ্বিগুণ হারে রোগী বাড়ছে। অবশ্য এর আগে তিন হাজারের ঘর পেরুতে আরও কম সময়, অর্থাৎ ৩২ দিন লেগেছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত জুলাই মাসে শেষ ১৫ দিনের মধ্যে ১১ দিনই দৈনিক রোগীর সংখ্যা ১শ’র ওপরে ছিল। ১১ জুলাই প্রথম রোগীর সংখ্যা ১শ’র ঘর ছাড়িয়ে ১০৩ জনে পৌঁছায়। এরপর মাত্র চারদিন রোগী ১শ’র নিচে ছিল। এই ১৫ দিনের মধ্যে সর্বনিম্ন রোগী ছিল ১০৩ জন ও সর্বোচ্চ ২৭২ জন।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত টানা ১শ’র ঘরে রোগী ছিল। এ বছরের শুরুর দিন রোগীর সংখ্যা ১শ’র নিচে নামে ও গত ছয় মাস ১০ দিন রোগীর সংখ্যা ১শ’র নিচেই ছিল। গত ১১ জুলাই বছরের প্রথম রোগী ১শ’র ঘর ছাড়িয়ে ১০৩ জনে পৌঁছায়।
গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৭৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৩ জন ভর্তি হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে পাওয়া গেছে ৫৭ জন ও বাকি ১৬ জন উত্তর সিটির। এরপর চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছে। নতুন রোগীদের মধ্যে ৬১ শতাংশ বা ১০৮ জন পুরুষ ও ৩৯ শতাংশ বা ৬৮ জন নারী।