সমন্বয়কদের মুক্তি ও ‘গুলি না চালানোর’ রিটের শুনানি হয়নি

আন্দোলনে গুলি না চালানো ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি (ঢাকা মহানগর গোয়েন্দা) অফিস থেকে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার রিটের শুনানি হয়নি। গতকাল বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সকালে বেঞ্চের কর্মকর্তারা জানান, বেঞ্চের কনিষ্ঠ বিচারক এসএম মাসুদ হোসাইন দোলন অসুস্থ। তিনি ছুটিতে আছেন। তাই এ মামলার শুনানি হবে না।

এ রিট মামলায় গত সোম ও মঙ্গলবার দুদিন শুনানি হয়। এর ধারাবাহিকতায় গতকাল শুনানি হওয়ার কথা ছিল। অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বিদেশে থাকায় ওই দুই দিন তিনি শুনানিতে ছিলেন না। গতকাল তিনি শুনানি করবেন বলে রাষ্ট্রপক্ষ থেকে আগেই জানানো হয়। এদিন তিনিসহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাছান চৌধুরীও রাষ্ট্রপক্ষের অনেক আইনজীবী উপস্থিত হন। অন্যপক্ষে ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনিক আর হকসহ বেশ কয়েকজন আইনজীবীসহ বিপুলসংখ্যক আইনজীবী ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বেঞ্চ অফিসার রেজাউল করিম সাংবাদিকদের বলেন, কনিষ্ঠ বিচারক অসুস্থ। তিনি বেঞ্চে বসবেন না। শুধু জ্যেষ্ঠ বিচারক একক বেঞ্চ হিসেবে অন্য মামলায় শুনানি শুনবেন। একপর্যায়ে আইনজীবী ও গণমাধ্যমকর্মীরা বেরিয়ে যান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ দেশ রূপান্তরকে বলেন, ‘বিচারক আজকে (গতকাল) ছুটিতে গিয়েছেন বলে জানতে পেরেছি। কত দিনের ছুটি সেটি জানি না। যদি এক দিনের হয় তাহলে কালকের (আজ) কার্যতালিকা দেখে বোঝা যাবে শুনানি হবে কি না।’

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মানজুর-আল-মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা আবেদনকারী হয়ে সোমবার রিট আবেদনটি করেন।