সোনা জয়ের স্বপ্ন ভঙ্গ; অলিম্পিক শেষ নাদালের

প্যারিস অলিম্পিকের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ জুটির। বুধবার তারা ২-৬, ৪-৬ গেমে আমেরিকান জুটি রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে হেরে যান। ফলে এই অলিম্পিকে স্বর্ণপদকের স্বপ্ন অধরাই রয়ে গেল নাদালকারাজ জুটির।

এবারের প্যারিস অলিম্পিকে শুরু থেকেই নাদালকারাজ জুটি চর্চায় ছিলেন। শেষ ষোলোয় নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে ৬-৪, ৬-৭ (২-৭), সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন নাদাল ও আলকারাজ। বুধবার তারা হেরে গেলেন রাম-ক্রাইসেক জুটির কাছে।

এদিন গোটা রোঁলা গারো গর্জে উঠেছিল এই জুটিকে দেখে। আমেরিকান জুটির অল্প কিছু সমর্থক ছিলেন। অবশেষে আমেরিকান জুটির কাছেই হারতে হয় নাদালকারাজ জুটিকে। 

খেলা জুড়ে দাপট ছিল রাম-ক্রাইসেক জুটির। তাদের খেলার সামনে ফিকে পড়ে যায় স্প্যানিশ জুটিকে। এর আগের ম্যাচেও নাদালকারাজ জুটির মধ্যে বোঝাপড়া দেখা যাচ্ছিল না। কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল তাদের। তবুও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বার করে নিয়েছিলেন স্প্যানিশ জুটি। বুধবার তারা সেটি পারলেন না।

খেলার মাঝে ক্রাইসেককে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়। ম্যাচের সময়ে পয়েন্ট নিয়ে আম্পায়ারের সঙ্গে ঝামেলাও হয় ক্রাইসেকের। পরে মাথা ঠান্ডা রেখে খেলতে দেখা যায় আমেরিকান জুটিকে। ৪০ বছর বয়সী রাজীব রাম টেনিসে পুরুষদের ডাবলসে চার বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী। বুধবার তাকে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলতে দেখা গিয়েছিল। 

প্যারিস অলিম্পিকে উদ্বোধনীতে আমন্ত্রিত হয়ে মশাল বহন করলেও প্রিয় রোলাঁ গারোঁতে পদক শূণ্য থাকতে হলো ৩৮ বছর বয়সী নাদালকে।