হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি

আজ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার জানাজা। আর জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি।

ইরানের রাষ্ট্রায়ত্ত প্রেস টিভি এবং ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জানাজা পড়ানো হবে ইসমাইল হানিয়ার। জানাজার নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি।

জানাজার নামাজের পর একটি মিছিল তেহরানের আজাদী (স্বাধীনতা) স্কয়ারের দিকে যাবে। এরপর দাফনের জন্য হানিয়ার মরদেহ দোহায় নিয়ে যাওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা খামেনির হামাসপ্রধানের জানাজার ইমামতিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিয়েছে দেশটি। ইরানের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। খবরে বলা হয়, তেহরানে চালানো হামলায় হানিয়া ও তাঁর এক দেহরক্ষী নিহত হন।

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইরানে গিয়েছিলেন হানিয়া। গত মঙ্গলবার তেহরানে এ অনুষ্ঠান হয়। পরদিন তেহরানে তাঁর আবাসস্থলে নিহত হন হানিয়া।