ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর আত্মগোপনে চলে যান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এবার দুর্নীতির অভিযোগে সমালোচিত এই কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। সাবেক এ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অবসরে পাঠানো হয়েছে। গতকাল বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে অবৈধ উপায়ে সম্পদ আয়ের অভিযোগে অর্থ মন্ত্রণালয় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) বদলি করে। তার এক মাসেরও বেশি সময় পর এ ঘটনা ঘটল। ছেলের ১২ লাখ টাকায় কেনা ছাগলকে কেন্দ্র করে আলোচনায় আসেন মতিউর।
দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলছে। একই সঙ্গে মতিউর ও তার আত্মীয়-স্বজনদের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাগলকাণ্ডের ঘটনায় এনবিআরের সাবেক এ কর্মকর্তা আত্মগোপনে চলে যান। পলাতক থেকেই অবসরের আবেদন করেন তিনি।
আইআরডির আদেশে বলা হয়েছে, চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় মতিউর রহমান স্বেচ্ছা অবসরের আবেদন করেন। তার আবেদনের ভিত্তিতে চলতি বছরের ২৮ আগস্ট থেকে আর্থিক সুবিধা ছাড়াই তাকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয়েছে।
চলতি মাসের শুরুর দিকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের মালিকানাধীন সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেয় আদালত। গত ২৪ জুন মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।