১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

অর্থাৎ আগামী রোববার (৪ আগস্ট) এইচএসসির আরেকটি পরীক্ষা রয়েছে, সেটিও স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।‘

এর আগে চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরেক দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তী পরীক্ষা ছিল ৪ আগস্ট। তাও স্থগিত করা হল।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।