সৌদির ৫ শহরের ১৫ স্টেডিয়ামে বিশ্বকাপ ৩৪

বিশ্বকাপ ২০৩৪ সালের আয়োজক হয়েছে সৌদি আরব। একমাত্র বিডার হয়ে তারা আয়োজক হিসেবে যোগ্যতা অর্জন করেছিল গত বছরেই। ৪৮ দলের অংশগ্রহণের এই আসরটি অনষ্ঠিত হবে দেশটির ৫টি শহরের ১৫টি স্টেডিয়ামে। যার মধ্যে ৮টি ভেন্যু আবার রাজধানী রিয়াদে। কোনো সহযোগী দেশ ছাড়াই এত বড় মহাযজ্ঞের আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের বিড করার পর এ ঘোষণা দিয়েছে তারা।

বিডের দলিল অনুসারে, সৌদি আরবের প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রিয়াদ ছাড়াও আছে জেদ্দা, আল খোবার, আবহা ও ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের নতুন শহর নিওম। নির্মাণের অপেক্ষাধীন কিং সালমান স্টেডিয়াম, যে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার। এখানেই হবে বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ।

বিডের দলিল অনুসারে, ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে সৌদির কমপক্ষে ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার ১৪টি স্টেডিয়াম লাগবে। বর্তমানে সৌদির এমন স্টেডিয়াম আছে দুটি- জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়াম। তবে ফাহাদ স্টেডিয়ামে এখন বড় ধরনের মেরামতকাজ চলছে।

তাই তেলসমৃদ্ধ দেশটির বিশ্বকাপ আয়োজনে এখন অবকাঠামোই প্রধান চ্যালেঞ্জ। রক্ষণশীল ভাবমূর্তি সরিয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতেই মূলত এত বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে চায় সৌদি আরব। ২০২৭ এশিয়ান কাপ, এমনকি ২০২৯ এশিয়ান উইন্টার গেমসও আয়োজন করার কথা তাদের। যদিও পরিবেশবিদেরা এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

গত বছর অক্টোবরে বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর সৌদিকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ফিফা।