কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে যাচ্ছেন শরীফুল ইসলাম। ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে ব্যাট হাতে ব্যর্থ সাকিব আল হাসান বোলিংয়ে অবদান রাখেন। তাদের পারফ্মেন্সে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা।
গতকাল বুধবার সারে জাগুয়ার্স ৪৬ রানে ৮ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১০১ রান তুলতে সক্ষম হয়। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল। এর মাঝে দশম ওভারে শেষ দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও পরে পারেননি। অবশ্য ফিরতি ওভারে দেন মাত্র ৪ রান। শরীফুল এদিন ‘ডট’ বল দিয়েছেন ১৪টি। এছাড়া সাকিব ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট।
রান তাড়ায় ৬ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে যায় বাংলা টাইগার্স। সপ্তম ওভারে ২৭ রানে দলের দ্বিতীয় উইকেট পতনের পর উইকেটে যান সাকিব। তবে সুনিল নারাইনকে সুইপ করে বাউন্ডারির কাছে ধরা পড়েন ৭ বলে ১ রান করে। ৪৫ রানে ৫ উইকেট হারানো দলকে জয়ের বন্দরে নিয়ে যান ডেভিড ভিসা। তিনি খেলেন ১৯ বলে ২ ছক্কা ও এক চারে সর্বোচ্চ ২৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরার পুরস্কার ওঠে তারই হাতে।