অলিম্পিক অ্যাথলেটিক্সে প্রথম সোনা ব্রায়ান পিনটাডোর

প্যারিস অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিক্স শুরু হয়ে গেছে। ২০ কিলোমিটার রেস ওয়াকিংয়ে প্রথম সোনা জিতে নিয়েছেন ইকুয়েডরের ব্রায়ান ড্যানিয়েল পিনটাডো। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জেফারসন পেরেজের পর এই প্রথম অ্যাথলেটিকসে অলিম্পিক সোনার পদকের দেখা পেল ইকুয়েডর।

বৃহস্পতিবার আইফেল টাওয়ারের পাদদেশ থেকে এই রেস শুরু হয়। ড্যানিয়েল রেস শেষ করেছেন ১ ঘণ্টা ১৮ মিনিট ৫৫ সেকেন্ডে। এর আগে এই ইভেন্টে ২০১৬ রিও অলিম্পিকে হয়েছিলেন ৩৭তম, ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে ১২তম এবং এবার একেবারে সোনার পদকই জিতলেন! ড্যানিয়েল ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা জিতেছিলেন।

এই ইভেন্টে রুপা জিতেছেন ব্রাজিলের কাওই বনফিম। তিনি ১ ঘণ্টা ১৯ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়েছেন। রেস ওয়াকিংয়ে এটি ব্রাজিলের প্রথম অলিম্পিক পদক। আর স্পেনের আলভারো মার্টিন ১ ঘণ্টা ১৯ মিনিট ১১ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।