শিক্ষার্থীদের সংহতি জানিয়ে শিল্পী-নির্মাতাদের বিক্ষোভ

‘ভয়হীন ন্যায্য মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানি বন্ধ করো’— এরকম স্লোগানে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ। বৃহস্পতিবার (১ আগস্ট) ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে শিল্পী থেকে শুরু করে নির্মাতারা জড় হতে থাকেন। প্রতিবাদের আওয়াজ তুলেন দেশের চলমান অরাজকতা, হত্যা, গুম, পুলিশের আটক অভিযানের বিরুদ্ধে।

এ সময় মামুনুর রশিদ, আকরাম খান, নূরুল আলম আতিক, আজাদ আবুল কালাম, হাসান, আজমেরী হক বাঁধন, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, মুনেম ওয়াসিফ, ঋতু সাত্তার, তাসলিমা আকতার লিমা, তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, রেদওয়ান রনি, আমিরুল রাজিব, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, আশফাক নিপুণ, তানজিম ওয়াহাব, জাহিন ফারুক আমিন, তানভীর আহসান, ইয়াছির আল হক, শঙ্খ দাশগুপ্ত, সাবিলা নূর, নাসিফ আমিন, তাসনিয়া ফারিণ, হুমাইরা বিলকিস, শিবু কুমার শীলসহ অনেকে সংহতি প্রকাশ করে।

এ সময় তারা বলেন, সব হত্যার হিসাব ও বিচার করা, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেফতার ও হয়রানি বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে দাঁড়াতে এখানে এসেছি। অবিলম্বে হত্যাকাণ্ডের বিচার ও হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানি বন্ধ করতে হবে।

বৃহত্তর চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’ ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার হয়রানির প্রতিবাদ করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।