এটাই কি শেষ? জানেন না নাদাল

প্যারিস অলিম্পিক হতাশায় কাটল রাফায়েল নাদালের। শরীরে বয়সের ছাপ পড়ে গেছে। আগের মতো সেই দুর্দান্ত পারফর্মেন্সও আর নেই। তিন দিন আগেই টেনিসের পুরুষ এককের দ্বিতীয় নোভাক জোকোভিচের কাছে উড়ে গিয়েছিলেন। এবার টেনিসের দ্বৈতেও হেরে অলিম্পিক থেকে তার বিদায় ঘটল। এরপর কী করবেন নাদাল?

গতকাল বুধবার কার্লোস আলকারাজের সঙ্গে জুটি বেঁধেছিলেন রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জয়ী নাদাল। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে সরাসরি সেটে ৬-২, ৬-৪ ব্যবধানে তারা হেরে যান। বিবর্ণ পারফরম্যান্সের কারণে ম্যাচ শেষে নাদালকে সাংবাদিকরা প্রশ্ন করেন, এটাই শেষ কিনা?

৩৮ বছর বয়সী নাদাল বলেন, ‘এখানে যখনই কোর্টে নামি, সবসময় যে ভালোবাসা এবং সমর্থন পাই, তাতে আমি উচ্ছ্বসিত। আমি জানি না, এখানে এটাই শেষ খেলতে নামা কিনা। হয়তো হ্যাঁ (এটাই শেষ)। তবে একটা ধাপ শেষ হলো আমার জন্য। আমার লক্ষ্য ছিল অলিম্পিক গেমসে মনোযাগ দেওয়া এবং এরপর সিদ্ধান্ত নেওয়া; এখন সেটাই করব।’

নাদাল আপাতত পরিবারের কাছে ফিরে বিশ্রামে থাকবেন। এই সময়টা তিনি নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন, ‘এখন বাড়ি ফিরব, বিশ্রাম নিব এবং সবকিছু থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকব। যখন মনটা শান্ত হবে, তখন সিদ্ধান্ত নিব, আমার জন্য পরের পদক্ষেপটা কী হবে।’