ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের ফিনিশার মেশিনে পিষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরের দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রায়হান বিশ্বাস (২২)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রব বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে রায়হান বিশ্বাস শ্রমিক হিসেবে কারখানাটিতে যোগ দেন। ঘটনার দিন রাতে নির্দিষ্ট কর্মঘণ্টা শেষে তিনি ওভারটাইম করছিলেন। কাজ শেষে ভোরের দিকে একটি ফিনিশার মেশিন বন্ধ করে হাত দিয়ে পরিস্কার করতে গেলে যন্ত্রটি চলতে শুরু করে। এসময় মাথাসহ তার শরীরের একটি অংশ থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সততা স্বীকার করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।