জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল শুক্রবার (২ আগস্ট) দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
একদিন বাদে শনিবার বিকালে রাজধানীতে ‘শোকমিছিল’কর্মসূচি পালন করা হবে। শুক্রবার শোকমিছিল কর্মসূচি পরিবর্তন করে দোয়া মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় বলা হয়, আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিলের পরিবর্তে শুক্রবার বাদ জুমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও জানান, আগামী শনিবার বিকাল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে একই দিন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোকমিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শোকমিছিলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি—বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত হতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।