জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আজ শুক্রবার রাজধানীর সব মসজিদে দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে ‘শোক মিছিল’ করবে ক্ষমতাসীন দলটি। শুক্রবারের নির্ধারিত শোক মিছিলের কর্মসূচি পরিবর্তন করে দোয়া মোনাজাত কর্মসূচি নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, শনিবার বিকেল ৩টায় আওয়ামী লীগের উদ্যোগে সারা দেশে শোক মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে একই দিন বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শোক মিছিলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ধানম-ি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
এ ছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।