মৎস্য সপ্তাহ কর্মসূচির উদ্বোধন বিজিবি ডিজির

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ কর্মসূচির সফল করতে ‘বিজিবির মৎস্য সপ্তাহ-২০২৪’ কর্মসূচির উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। গতকাল সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের শাসনামলে এমন কোনো সেক্টর নেই যেখানে তিনি হাত দেননি। বঙ্গবন্ধু ১৯৭২ সালে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন ‘মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ তিনি ১৯৭৩ সালে গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি শুরু করেন এবং এই প্রথা জারি রাখতে বলেন। 

বিজিবি মহাপরিচালক বিজিবির প্রতিটি সদস্যকে কর্মস্থলের পাশাপাশি প্রত্যেকের গ্রামের বাড়িতে নিজ পরিবার ও আত্মীয়-স্বজনকে মাছ চাষে উদ্বুদ্ধ করার জন্য আহ্বান জানান। বিজ্ঞপ্তি