বজ্রঝড়-লঘুচাপ-নিম্নচাপ-তাপপ্রবাহ-বন্যা— সবই হতে পারে আগস্টে

চলতি গাস্ট মাসে বৃষ্টিপাত, বজ্রঝড়, লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা— সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

সংস্থাটি বলছে, চলতি আগস্ট মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে চার দিন হালকা বজ্রঝড় হতে পারে।

আগস্ট- ২০২৪ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ মাসেই দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগস্ট মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডাব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, উর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণ পূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে।