গত ২৪ ঘণ্টায় সারা দেশেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাইজদীকোর্টে ২৭৬ মিলিমিটার।
এ ছাড়া রামগতিতে ২৭২, পটুয়াখালীতে ২১৬, মোংলায় ১৮২, ভোলায় ১৪৭, আমবাগানে ১৩৯, সন্দ্বীপে ১৩৭, ফেনীতে ১৩৪, চট্টগ্রামে ১২৫, চাঁদপুরে ১১৩, বরিশালে ১১১, হাতিয়া ও কয়রায় ১১০, চুয়াডাঙ্গায় ১০৫, কুমিল্লায় ১০৬, কক্সবাজারে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে আজ তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে তা বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আজ শুক্রবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পরশুও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইজদীকোর্টে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।