পুলিশের ব্যারিকেড ভেঙে বায়তুল মোকাররম থেকে গণমিছিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বায়তুল মোকাররম মসজিদের উওর গেট থেকে দুপুর ১ টা ৫৫ মিনিটে জুমার নামাজের পরে একটি মিছিল বের হয়।

সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা পল্টন মোড়, প্রেস ক্লাব ও মৎস্যভবন হয়ে শাহবাগের দিকে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতাদের দেখা যায়। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার (২ আগস্ট) ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত, সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় কয়েক হাজার মানুষ।

এর আগে গত বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়। এদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় আদালত অভিমুখে পদযাত্রা করেন শিক্ষার্থীরা।