অলিম্পিক হকিতে ৫২ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল ভারত। আজ শুক্রবার 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারত ৩-২ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত ও অস্ট্রেলিয়া।
১৯৭২ সালে আয়োজিত মিউনিখ অলিম্পিকে প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল ভারতীয় হকি দল। এরপর অলিম্পিকে অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি তারা। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।
চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের এটি ছিল অষ্টম ম্যাচ। আগের ৭ ম্যাচেই হেরেছিল ভারত। তবে প্যারিস অলিম্পিকে এদিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলে ভারত।
১২ মিনিটে ভারতকে এগিয়ে দেন অভিষেক। এক মিনিট পরই পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান অধিনায়ক হারমানপ্রীত সিং। ২-০ তে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত। প্রথম কোয়ার্টারে অস্ট্রেলিয়া বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও ভারতীয় গোলকিপার পিআর শ্রীজেশ রুখে দেন।
দ্বিতীয় কোয়ার্টারে ২৫ মিনিটে ব্যবধান কমান অস্ট্রেলিয়ার ক্রেগ থমাস। তৃতীয় কোয়ার্টারের শুরুতে আবার গোল করেন হারমানপ্রীত। ৩২ মিনিটে স্কোর ৩-১ করেন হারমানপ্রীত। ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান গোভার্স ব্লাক।
ম্যাচের শেষ দিকে গোলশোধের জন্য মরিয়া হয়ে ওঠে টোকিও অলিম্পিকে রৌপ্য জয়ী অস্ট্রেলিয়া। কিন্তু লাভ হয়নি। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ভারত জয় দিয়ে শেষ করল গ্রুপ পর্ব।