কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে ময়মনসিংহে বৃষ্টির মধ্যেই গণমিছিল করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে নগরীজুড়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। আজ শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর টাউন হল মোড়ে এই গণজামায়েত দেখা গেছে।
এর আগে জুমার নামাজের পর নগরীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ গণমিছিলে জড়ো হন। পরে বিকেল ৪টার দিকে ময়মনসিংহের টাউন হল মোড় থেকে বের হয়ে নতুন বাজার ও গাঙ্গীনার পাড় সড়ক হয়ে স্টেশন এলাকার কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে সমাবেশ করেন তারা।
সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ হওয়া ছাত্র ভাইদের খুনিদের বিচার না হওয়া পযর্ন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। ৯ দফা দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং চলবে।
আন্দোলনকারীদের কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়ানোর আহ্বান জানিয়ে সমন্বয়করা বলেন, সারা দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত ও হত্যাকাণ্ডের শিকার শহীদদের বিচার না করা হলে এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।
কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমুখ।
এদিকে পূর্বঘোষিত ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই টাউন হল ও জিলা স্কুল মোড় এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের দেখা গেলেও শিক্ষার্থীদের জমায়েত শুরু হওয়ার পর তাদের সরে যেতে দেখা যায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোনো বাঁধা দেওয়ার খবর পাওয়া যায়নি।